প্রশ্ন:মুহতারাম! কিছু মাদ্রাসার নিয়ম এমন যে, যাকাত আদায়কারীকে আদায়কৃত টাকার ১০ শতাংশ দেওয়া হয়। সুতরাং এক্ষেত্রে দাতার যাকাত আদায় হওয়ার বিধান কী? আর এ পদ্ধতিটি কতটুকু শরিয়তসম্মত? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:রায়হান উদ্দিন, যশোরী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়ত মতে কারও পক্ষ থেকে উকিল সাব্যস্ত হওয়ার জন্য সুস্পষ্ট বাক্যের মাধ্যমে অথবা উরফ তথা প্রচলন, দালালতের ভিত্তিতে কিংবা ইসলামী রাষ্ট্র কর্তৃক দায়িত্ব অর্পণ করা আবশ্যক। অন্যথায় উকালত সাব্যস্ত হয় না।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে স্বাভাবিক পর্যালোচনা অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ কোথাও স্পষ্ট অনুমতির মাধ্যমে, আবার কোথাও উরফ ও প্রচলন অনুসারে যাকাতের টাকা গ্রহণের ক্ষেত্রে গরিব ছাত্রদের পক্ষ থেকে উকিল হয়ে থাকে। বিধায় সেসব ক্ষেত্রে প্রশ্নোক্ত মাদ্রাসাগুলোর কর্তৃপক্ষের হাতে যাকাতের টাকা দিলেই যাকাত আদায় হয়ে যাবে।
আর যাকাতের টাকা থেকে পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা ইমামুল মুসলিমিন ও গরিব ছাত্র ব্যতীত অন্য কারও নেই। যাকাত উসুলকারীরা কুরআনে বর্ণিত 'আমেলিনে যাকাত'-এর অন্তর্ভুক্ত না হওয়ায় তাঁদেরকে যাকাতের টাকা থেকে পারিশ্রমিক দেওয়া বৈধ নয়। বিধায় তাঁদেরকে আদায়কৃত যাকাতের টাকা থেকে ১০ শতাংশ দেওয়ার নিয়মটি শরিয়তসম্মত নয়।
তবে তাঁদের সার্বিক খরচাদি ও পারিশ্রমিক যাকাতের টাকা ব্যতীত অন্য ফান্ড থেকে অথবা গরিব ছাত্রদের প্রত্যক্ষ সম্মতির মাধ্যমে যাকাতের টাকা থেকে দেওয়া যেতে পারে।
রেফারেন্স:ফাতহু বাবিল ইনায়া, (২/৫২, ইবনে আব্বাস)মুখতাসারুল কুদুরী, (পৃ. ১৭৭, বুশরা)জাওয়াহিরুল ফিকহ, (৩/৩২০, দারুল উলুম করাচি)ফাতাওয়ায়ে কাসেমিয়া, (১১/১৮০, আশরাফী বুক ডিপো, দেওবন্দ)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল