প্রশ্ন:মুহতারাম! ঢাকা শহরের মোড়ে মোড়ে অনেক ভিক্ষুক ভিক্ষা করেন। তাঁদের কারও কারও কাছে ভিক্ষা করতে করতে লাখ টাকারও বেশি জমা হয়ে যায়। তাঁদের নিজস্ব বাড়িঘরও নেই। জানার বিষয় হলো, তাঁদের জমানো টাকার ওপর যাকাত ফরজ হবে কি না? আর তাঁদেরকে যাকাতের উপযুক্ত মনে করে যাকাতের অর্থ দিলে তা আদায় হবে কি না? পরবর্তীতে তাঁদের সম্পদের পরিমাণ জানার পর বিধান কী হবে?

নিবেদক:মিনহাজুল ইসলাম


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরিয়তে নেসাব পরিমাণ যাকাতযোগ্য সম্পদের ওপর এক বছর অতিবাহিত হলে যাকাত আদায় করা ওয়াজিব হয়। আর কাউকে যাকাত গ্রহণের উপযুক্ত মনে করে যাকাত প্রদান করলে, পরবর্তীতে তিনি নেসাবের মালিক বলে প্রকাশ পেলেও অনেকের মতে যাকাত আদায় হয়ে যায়।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ভিক্ষুকদের জমানো টাকায় যদি এক বছর অতিবাহিত হয় এবং যাকাত ফরজ হওয়ার অন্যান্য শর্ত পাওয়া যায়, তাহলে তাঁদের ওপর যাকাত আদায় করা ওয়াজিব হবে। আর তাঁদেরকে দরিদ্র মনে করে যাকাত প্রদান করলেও তা আদায় হয়ে যাবে, যদিও পরে প্রকাশ পায় যে তাঁরা নেসাবের মালিক।

রেফারেন্স:কানযুদ্দাকায়েক, (১/২১৬, বুশরা)বাহরুর রায়েক, (২/৪৩১, যাকারিয়া)কিতাবুল ইখতিয়ার, (১/১৯৭, কাদিমী কুতুবখানা)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল