প্রশ্ন:মুহতারাম মুফতি সাহেব! জনাব রফিক সাহেব একজন ধনী ব্যক্তি। তাঁর চারটি গাড়ি আছে। একটি দিয়ে তিনি অফিসে যান, একটি দিয়ে তাঁর স্ত্রী অফিসে যান, আরেকটি দিয়ে তাঁর ছেলে স্কুলে যায় এবং অন্যটি দিয়ে তাঁর মেয়ে স্কুলে যায়। জানার বিষয় হলো, একাধিক গাড়ি ব্যবহারের কারণে তাঁদের ওপর যাকাত ফরজ হবে কি না? একাধিক গাড়ি কি তাঁদের حوائج أصلية-এর অন্তর্ভুক্ত? আর حوائج أصلية বলতে কী বোঝায়?

নিবেদক:মোহাম্মদ সালমান, লক্ষ্মীপুর

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে যাকাত আবশ্যক হওয়ার অন্যতম শর্ত হলো মৌলিক প্রয়োজনের অতিরিক্ত বর্ধনশীল সম্পদের মালিক হওয়া। অন্যথায় যাকাত আবশ্যক হয় না।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে রফিক সাহেবের ব্যবহৃত চারটি গাড়ি প্রয়োজনের শ্রেণিভুক্ত হওয়ায় নেসাবের অন্তর্ভুক্ত হবে না এবং এগুলোর কারণে তাঁর ওপর যাকাত আবশ্যক হবে না।

আর حوائج أصلية দ্বারা উদ্দেশ্য হলো, ওই সব জিনিস, যা মানুষের জীবনযাপনের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জরুরি হয়। এগুলো স্থান, কাল ও ব্যক্তিভেদে পরিবর্তিত হয়ে থাকে।

রেফারেন্স:আল-ফিকহুল হানাফি, (১/৩৫৬, দারুল কলম)হিদায়া, (২/৮, বুশরা)ফাতাওয়ায়ে শামী, (৩/২১২, আযহার)ফাতাওয়ায়ে উসমানী, (২/৪১, মাআরিফুল কুরআন)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল