মুহতারাম প্রত্যন্ত অঞ্চলে চিল্লার সফরকালে অনেক সময় এমন হয়েছে যে স্থানীয় ইমামরা সিররি নামাজ পড়াতো আর জাহেরী নামাজের সময় হলে জামাতের সাথীদের কে নামাজ পড়াতে দিত। অথবা মসজিদে উপস্থিত হতো না আর এর কারণ ছিল কেরাত সহিহ না থাকা। জানার বিষয় হল তাদের পেছনে আদায়কৃত জামাতের সাথীদের নামাজ সহিহ হবে কিনা এবং এক্ষেত্রে তাদের করণীয় কি?
নিবেদক: দিদার বিন খোরশেদ
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম নয় এমন ব্যক্তির পেছনে কোন শুদ্ধভাবে তেলওয়াতে সক্ষম ব্যক্তি ইক্তেদা করলে ইমাম মুক্তাদী সকলের নামাজ ফাসেদ হয়ে যায়। এক্ষেত্রে উক্ত নামাজ সিররি তথা আস্তে কেরাত বিশিষ্ট হোক কিংবা জাহেরি তথা উচ্চস্বরে কেরাত বিশিষ্ট নামাজ হোক। উভয়ের বিধান এক ও অভিন্ন।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত অঞ্চলের ইমামদের তেলাওয়াত বাস্তবিকভাবেই নামাজ আদায় হয় পরিমাণ শুদ্ধ না হয়ে থাকলে তাদের পেছনে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারী জামাতের সাথিদের আদায়কৃত সকলের নামাজ ফাঁসেদ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে সকলের জন্য এভাবে আদায়কৃত নামাজ সমূহ পুনরায় আদায় করা অপরিহার্য। ফলে আপনাদের জন্য সাধ্য মাফিক উক্ত ইমাম ও অপরাপর মুসল্লিদের এই বিষয়ে অবগত করার চেষ্টা করা একান্ত কর্তব্য। অবশ্য উক্ত ইমামের তেলাওয়াত নামাজ আদায় হয় পরিমাণ সহীহ হয়ে থাকলে সকলের নামাজ সহিহ বলেই বিবেচিত হবে।
সূত্র:(আল মুহিতুল বোরহানি২/১৮২ এদারাতুল কোরআন, তাতারখানিয়া ২/২৫৫ জাকারিয়া, খোলাসাতুল ফতোয়া ১/৯৯ রশিদিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল