মুহতারাম! আমাদের মসজিদটি রাস্তার পাশে অবস্থিত। একদিন আসরের নামাজে প্রথম সেজদা থেকে ওঠার তাকবির বলার সময় হর্ণ বেজে ওঠে। তাকবির না শোনার কারণে কিছু মানুষ সেজদাতেই থেকে যায়। ইমাম সাহেবের দ্বিতীয় সেজদার তাকবীর শুনে তাদের কেউ কেউ একটু মাথা উঠিয়ে আবার সেজদায় চলে যায়। বাকিরা একবারে দ্বিতীয় সেজদা করে উঠে। আমার জানার বিষয় হলো তাদের নামাজ হয়েছে কিনা? এক্ষেত্রে তাদের করণীয় কি ছিলো?
নিবেদক: মাসউদ মুহসিন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিকোণে নামাজের প্রত্যেক রাকাতে দুই সেজদা করা ফরজ। আর নামাজে কোনো ফরজ ছুটে গেলে নামাজ হয় না। বিধায় উক্ত নামাজ নতুনভাবে পড়া আবশ্যক। আর মুক্তাদির ভুলের কারণে তার উপর সেজদায়ে সাহু ওয়াজিব হয় না।
অতএব প্রশ্নোক্ত সুরতে যারা ইমামের তাকবীর শোনার পর মাথা উঠায়নি এবং দ্বিতীয় সেজদাও করেনি, এবং এমতাবস্থায় নামাজ থেকে সম্পূর্ণরূপে ফারেগ হয়ে গেছে, তাদের নামাজের ফরজ তরক হয়েছে বিধায় তাদের উপর উক্ত নামাজ পুনরায় পড়া ফরজ। এক্ষেত্রে তাদের করণীয় ছিলো, ইমামের দ্বিতীয় তাকবীর শোনার সাথে সাথে প্রথম সেজদা থেকে উঠে বসা। তারপর দ্বিতীয় সেজদায় ইমামের সাথে শরীক হওয়া। পক্ষান্তরে যারা ইমামের দ্বিতীয় সেজদার তাকবীর শুনে একটু মাথা উঠিয়ে আবার সেজদায় চলে গেছেন তাদের নামাজের ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু মুক্তাদির উপর যেহেতু ওয়াজিব তরক করার কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয় না। বিধায় দুই সেজদার মাঝের ওয়াজিব বৈঠক তরক করার কারণে সেজদায়ে সাহু দেওয়া লাগবে না।
সূত্র: (মাজমাউল বাহরাইন, (পৃঃ ১২৩, দারুল কুরুব), মাজমাউল আনহুর, (১/১৪৮, আল মানার), তুহফাতুল ফুকাহা, (পৃঃ ১০২),
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল