প্রশ্ন: মুহতারাম! কোন এক জুমআর দিন জুমআর নামাজ চলা কালে দু'টি নাবালেগ শিশু মসজিদে হট্টগোল করে। এতে মুসল্লিদের নামাজে যথেষ্টবিঘ্নতা সৃষ্টি হয়। নামাজ শেষ হলে কয়েকজন মুসল্লি বাচ্চাদের অভিভাবককে উদ্দেশ্য করে বকাঝকা শুরু করে দেয়। অপরদিকে আরো কিছু মুসল্লি আবার ঐ সকল মুসল্লিদের বিরুদ্ধে বেশ চড়াও হয়ে যায়। তারা বলতে থাকে যে, বাচ্চারা দুষ্টামি করবেই। তারপরও তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, যেন তারাও নামাজ শিখতে পারে। তাদেরকে যদি মসজিদে আসতে না দেয়া হয় তাহলে তারা নামাজ শিখবে কিভাবে? আমার জানার বিষয় হলো, আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার হুকুম কী?
নিবেদক: নাজমুস সাকিব
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে মাসজিদের পবিত্রতা কিংবা সম্মান বিনষ্টকারী অথবা মুসল্লিদের নামাজে খুশু খুজু বিনষ্টকারী সকল কর্মকান্ড থেকে বেঁচে থাকা আবশ্যক।
সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে ছোট বাচ্চার ব্যাপারে যদি মাসজিদ নাপাক করে ফেলার প্রবল ধারনা হয়, তাহলে ওদেরকে মাসজিদে নিয়ে আসা নাজায়েয়। আর যদি নাপাকির প্রবল ধারনা না হয়, কিন্তু অবুঝ হওয়ার কারনে দুষ্টামিমূলক কর্মকান্ডের মাধ্যমে মাসজিদের হুরমত কিংবা মুসল্লিদের খুশু খুজু বিনষ্ট করে এমন বাচ্চাদের মাসজিদে নিয়ে আসা মাকরুহ। এতদভিন্ন ছোট বাচ্চা দের মাসজিদে নিয়ে আসাতে কোন সমস্যা নেই। এক্ষেত্রে বাচ্চাদের অভিবাবকদের করনীয় হলো প্রত্যেক বাচ্চাকে নিজের কাছে রেখে দুষ্টামী ইত্যাদি থেকে বিরত রাখা।
সূত্র: তাকরীরাতে রাফেয়ী (২/৫১৮, আজহার), ফতোয়ায়ে উলামায়ে বালাদুল হারাম (৭০৫, মূলকে ফাহাদ), আহসানুল ফতোয়া (৩/২৮, যাকারিয়া)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল