প্রশ্ন:মুহতারাম। জনাব রিপন সাহেব সৌদিতে থাকেন। সেখানে থাকাবস্থায় বাংলাদেশের এক মেয়েকে পারিবারিক সম্মতিতে বিবাহ করেন। বিবাহের সময় চুক্তি অনুযায়ী তিন লক্ষ টাকা মোহর হিসেবে স্ত্রীকে প্রদান করেন। কিন্তু এক বছর পর শারীরিক সম্পর্কের পূর্বেই কোনো কারণে তাঁকে তালাক দিয়ে দেন। জানার বিষয় হলো, উক্ত মহিলার ওপর কি পূর্ণ তিন লক্ষ টাকার মধ্যে যাকাত আবশ্যক হবে, নাকি দেড় লক্ষ টাকার ওপর?

নিবেদক:নাজমুস সাকিব

 

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরয়ি দৃষ্টিতে প্রয়োজনাতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদে এক বছর অতিবাহিত হলে যাকাত ওয়াজিব হয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে রিপন সাহেবের স্ত্রী মোহর হিসেবে প্রাপ্ত তিন লক্ষ টাকার পূর্ণ মালিকানা লাভ করেছেন এবং তাতে এক বছর অতিবাহিত হয়েছে। তাই পুরো টাকা জমা থাকলে তাঁর ওপর যাকাত আবশ্যক হয়েছে।

এক বছর পর শারীরিক সম্পর্কের পূর্বেই তালাক প্রদান করায় দেড় লক্ষ টাকা ফেরত দেওয়া আবশ্যক হলেও রিপন সাহেবের স্ত্রীকে পুরো তিন লক্ষ টাকার যাকাত আদায় করতে হবে।

রেফারেন্স:মুখতাসারুল কুদুরী, (পৃ. ৪৭৮, বুশরা)মাজমাউল বাহরাইন, (পৃ. ১৮২, দারুল কুতুব)কাযী খান, (৭/১৫৬, যাকারিয়া)


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল