প্রশ্ন:মুহতারাম! মাসুম সাহেব ছোট একটি দোকানের মালিক। দোকানে সামান্য পরিমাণ মাল রয়েছে, যা নেসাব পরিমাণে পৌঁছে না। তবে মানুষের কাছে তাঁর কিছু ঋণ পাওনা রয়েছে, যা অনেক বছর ধরে পড়ে আছে। সেই টাকা পাওয়া যাবে কি না, তা নিয়ে তিনি দোদুল্যমান। এই ঋণ যোগ করলে তাঁর সম্পদ নেসাব পরিমাণে পৌঁছে যায়। এখন জানার বিষয় হলো, এমতাবস্থায় তাঁর ওপর যাকাত ফরজ হবে কি না?
নিবেদক:মামুন, মাগুরা
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে ব্যবসার সূত্রে প্রাপ্ত ঋণকে قَوِيدَيْن তথা শক্তিশালী অধিকার বলা হয়। ঋণের ওপর যাকাত ওয়াজিব হয় বটে; তবে সেই অর্থের অন্তত নেসাবের এক-পঞ্চমাংশ হস্তগত হলেই যাকাত আদায় করতে হয়। হস্তগত হওয়ার পূর্বে তা আদায় করা ওয়াজিব নয়।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে মাসুম সাহেব ঋণের টাকা পাওয়া-না-পাওয়ার ব্যাপারে দোদুল্যমান থাকা সত্ত্বেও সাহেবে নেসাব বলে গণ্য হবেন এবং তাঁর দোকানের মালের ওপর যাকাত ফরজ হবে। তবে নেসাবের এক-পঞ্চমাংশ হস্তগত হওয়ার আগ পর্যন্ত যাকাত আদায় বিলম্বিত করার অবকাশ রয়েছে।
রেফারেন্স:শরহুল ফায়েক, (১/৪২৬, দারুল ঈমান)বাহরুর রায়েক, (২/৩৬৩, যাকারিয়া)মিনহাতুল খালেক, (২/৩৬৩, যাকারিয়া)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল