প্রশ্ন:মুহতারাম। জনাব ইদ্রিস সাহেব দশ লক্ষ টাকা ব্যয় করে একটি ক্ষুদ্র শিল্পকারখানা প্রতিষ্ঠা করেছেন। কারখানায় প্রতিদিন পণ্য উৎপাদিত হয় এবং প্রতিদিনই তা বিক্রি হয়। পণ্য উৎপাদনের জন্য কারখানায় কিছু মেশিনারি ও যন্ত্রপাতি রয়েছে। আর পণ্য বিক্রয়ের জন্য রয়েছে কয়েকটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি। জানার বিষয় হলো, উপার্জিত লভ্যাংশ ব্যতীত কারখানার কোন কোন জিনিসের ওপর যাকাত আসবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:মুফিজুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে মিল-কারখানা প্রস্তুতকরণে বিনিয়োগকৃত অর্থ এবং পণ্য উৎপাদনে ব্যবহৃত কারখানার মেশিনারিজ ইত্যাদির মূল্যের ওপর যাকাত ওয়াজিব হয় না। বরং শুধু উৎপাদিত পণ্য এবং পণ্য উৎপাদনের উদ্দেশ্যে ক্রয়কৃত কাঁচামালের ওপর যাকাত ওয়াজিব হয়।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে কারখানার উৎপাদিত পণ্য, উৎপাদনের জন্য ক্রয়কৃত কাঁচামাল এবং বিক্রিত পণ্যের অর্থের ওপর যাকাত ওয়াজিব হবে। এতদ্ভিন্ন, পণ্য উৎপাদনের জন্য যেসব মেশিনারিজ এবং প্রয়োজনীয় ভ্যানগাড়ি রয়েছে, সেগুলো ব্যবসায়িক পণ্যের অন্তর্ভুক্ত নয় বিধায় সেগুলোর ওপর যাকাত আসবে না।
রেফারেন্স:রদ্দুল মুহতার, (৩/২১৮, আযহার)মাজমাউল বাহরাইন, (পৃ. ১৯০, দারুল কুতুব)মুখতাসারুত তাহাবী, (২/৩৩৬, দারুস সিরাজ)
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল