প্রশ্ন:মুহতারাম, রুকাইয়া খাতুনের শুধু ৬ ভরি স্বর্ণ আছে। তবে অন্য এমন কোনো সম্পদ নেই, যাতে নিসাব পরিমাণ হলে যাকাত ওয়াজিব হয়। এমতাবস্থায় একজন আলেম বললেন, তাঁর ৬ ভরি স্বর্ণের মূল্য স্বর্ণ-রৌপ্যের নিসাবের মূল্য পরিমাণ হয়েছে। আর বর্তমান জামানায় স্বর্ণ-রৌপ্যের নিসাবের মূল্য পরিমাণ হলেই যাকাত দিয়ে দেওয়া উত্তম। এতে গরিবদের উপকার হয়। জানার বিষয় হলো, উক্ত আলেমের কথা কি ঠিক? তাঁর যাকাত দেওয়া লাগবে কি না?

নিবেদক:নাজমুস সাকিব

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


`শরয়ি দৃষ্টিতে কারও কাছে যদি শুধু স্বর্ণ থাকে এবং তা সাড়ে সাত ভরি বা তার চেয়ে বেশি হয়, আর তার ওপর এক বছর অতিবাহিত হয়, তবে ওই স্বর্ণের ওপর যাকাত ওয়াজিব হবে। আর যদি সাড়ে সাত ভরির কম হয় এবং তার সঙ্গে যাকাতযোগ্য অন্য কোনো সম্পদ না থাকে, তবে ওই স্বর্ণের ওপর যাকাত ওয়াজিব হবে না।

সুতরাং, প্রশ্নোক্ত ক্ষেত্রে রুকাইয়া খাতুনের শুধু ছয় ভরি স্বর্ণ থাকায় এবং তাঁর সঙ্গে যাকাতযোগ্য অন্য কোনো সম্পদ না থাকায় তাঁর ওপর যাকাত ওয়াজিব হবে না। তাই যে আলেম বলেছেন, তাঁকে যাকাত দিতে হবে, তাঁর কথাটি আমাদের বোধগম্য নয়।

রেফারেন্স:আল-হিদায়া, ২/৩৯, বুশরাআল-বাহরুর রায়েক, ২/৩৯৩, যাকারিয়া, আল-আসল, ২/৯১, আহরার

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল