মুহতারাম আব্দুর রহিম সাহেব যোহরের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য কোন সূরা না পড়ে রুকুতে চলে যান। রুকুতে থাকাকালীন সূরা না পড়ার বিষয়টি স্মরণ হওয়ায় রুকু থেকে আল্লাহু আকবার বলে উঠে যান এবং অন্য সূরা পড়ে দ্বিতীয়বার রুকু করেন। জানার বিষয় হল তার নামাজ সহিহ হবে কিনা এবং সেজদায়ে সাহু করা তার জন্য আবশ্যক ছিল কিনা? ইল্লতসহ বিস্তারিত জানিয়েবাধিত করবেন।
নিবেদক: মোহাম্মদ মঈন উদ্দিন তাহের
الجواب بملهم الصدق والصواب
শরয়ী মূলনীতি অনুযায়ী কোন ব্যক্তি সূরা ফাতিহার পর ভুলে অন্য সূরা না পড়ে রুকুতে চলে যাওয়ার পর যদি তা স্মরণ হয়, তাহলে তার জন্য উচিত হল, তৎক্ষণাৎ রুকু থেকে উঠে সূরা তেলাওয়াত করা এবং দ্বিতীয়বার রুকু করে বাকি নামাজ আদায় করা এবং ফাতেহা পড়ার পর সূরা মিলাতে বিলম্ব করার কারণে শেষে সেজদায়ে সাহু করা। তবে কেউ যদি রুকু থেকে উঠে সূরা না পড়ে বাকি নামাজ স্বাভাবিক নিয়মে আদায় করে এবং শেষে সেজদায়ে সাহু আদায় করে নেয় তাহলে ও নামাজ সহিহ হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আব্দুর রহিম সাহেব সূরা না পড়ার কারণে আল্লাহু আকবার বলে উঠে যাওয়ায় এবং সূরা তেলাওয়াত করে পুনরায় রুকু করা ঠিক হয়েছে। এবং ফাতেহার পর সুরা মিলাতে বিলম্ব করার কারণে তার উপর সাজদায়ে সাহু আবশ্যক হয়েছে। সেজদায়ে সাহু করলে তার নামাজ সহিহ হয়ে যাবে। অন্যথায় নামাজ পুনরায় আদায় করা আবশ্যক।
সূত্র: (মুনিয়াতুল মুসাল্লী ৪৫৫ রশিদিয়া, রোদ্দুল মুহতার ২/৬৫৬ মতবাতুল আজহার, ফতোয়া হিন্দিয়া ১/১৮৬ দারুল ফিকর,)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল