প্রশ্ন:মুহতারাম মুফতি সাহেব! ব্যবসায়ী সুফিয়ান সাহেব আমাকে বললেন, অনেক গরিব লোক দোকান থেকে বাকিতে কাপড় নেয়। তারা অনেক সময় ঋণ পরিশোধ করতে পারে না। আমি চাচ্ছি, তাদের এ ঋণগুলোকে যাকাত হিসেবে গণ্য করতে এবং তাদের এ কথা বলে দিতে যে, তোমাদের নেওয়া ঋণ আর পরিশোধ করতে হবে না। এখন জানার বিষয় হলো, এভাবে কি আমার যাকাত আদায় হবে? অন্যথায় সঠিক পদ্ধতি জানিয়ে উপকৃত করবেন।
নিবেদক:আবুল কাসিম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত আদায় সহিহ হওয়ার জন্য যাকাত আদায়ের নিয়তে উপযুক্ত ব্যক্তিকে সম্পূর্ণ নতুন সূত্রে সম্পদের মালিক বানিয়ে দেওয়া শর্ত। ফলে অন্যের কাছে পাওনা ঋণ মাফ করার ক্ষেত্রে যাকাত আদায়ের সময় মালিক বানিয়ে দেওয়ার বিষয়টি পাওয়া যায় না। তাই এভাবে যাকাত আদায় হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ব্যবসায়ী সুফিয়ান সাহেব গ্রাহকের কাছে পাওনা ঋণ যাকাত হিসেবে মাফ করে দিলে তাঁর যাকাত আদায় হবে না। তবে এ ক্ষেত্রে তিনি যদি যাকাত গ্রহণের উপযুক্ত গ্রাহককে যাকাতের অর্থের মালিক বানিয়ে দেন এবং পরবর্তীতে তাঁদের কাছ থেকে প্রাপ্য ঋণ উসুল করে নেন, তাহলে এর মাধ্যমে তাঁর যাকাতও আদায় হয়ে যাবে এবং ঋণও উসুল করা হবে।
রেফারেন্স:নূরুল ইযাহ, পৃ. ২৬২, ইসলামিয়া।দুররুল মুখতার, ৩/২২৫, আযহার।রদ্দুল মুহতার, ৩/২২৫, আযহার।
والله أعلم بالصواب
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল