প্রশ্ন:মুহতারাম মুফতি সাহেব! জনাবা সাদিয়া বেগম বাসর রাতে তাঁর স্বামীর কাছ থেকে এক লক্ষ টাকা নগদ মহর পান। টাকা পাওয়ার পর তিনি তা আবার স্বামীর কাছে রেখে দেন এবং বলেন, ‘এখান থেকে তুমি খরচ করবে। তোমার টাকা আর আমার টাকা একই তো।’ এভাবে উক্ত টাকার ওপর এক বছর অতিবাহিত হয়। স্বামীও প্রয়োজন না হওয়ায় সেখান থেকে কোনো টাকা খরচ করেননি। জানার বিষয় হলো, উক্ত টাকার যাকাত দেওয়ার ব্যাপারে কী হুকুম হবে? কার ওপর যাকাত ফরজ হবে? বিস্তারিত ইল্লতসহ জানাবেন।

নিবেদক:আব্দুল্লাহ আল মামুন মোমেনশাহী


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে কোনো ব্যক্তি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাবতীয় শর্ত সাপেক্ষে তার ওপর উক্ত সম্পদের যাকাত আদায় করা আবশ্যক হয়।

সুতরাং জনাবা সাদিয়া বেগম স্বামীর কাছ থেকে মহরের এক লক্ষ টাকা পাওয়ার পর তা যদি স্বামীর কাছে আমানত হিসেবে জমা রেখে থাকেন এবং স্বামীকে শুধু তা থেকে খরচ করার অনুমতি দিয়ে থাকেন, তাহলে তিনিই উক্ত টাকার মালিক হিসেবে বহাল থাকবেন। বিধায় ওই টাকার যাকাত তাঁর ওপর আবশ্যক হবে।

আর যদি হেবা করার মাধ্যমে স্বামীকে উক্ত টাকার মালিক বানিয়ে নিজে মালিকানা থেকে দাবিমুক্ত হয়ে থাকেন, তাহলে স্বামী ওই টাকার মালিক গণ্য হবেন এবং উক্ত টাকার যাকাত স্বামীর ওপর আবশ্যক হবে।

রেফারেন্স:মুখতাসারুল কুদুরি, পৃ. ১৫৭, বুশরা।ফাতাওয়া তাতারখানিয়া, ১৪/৪১২, আযহার।আল-ফিকহুল হানাফি, ২/৩৯৮, দারুল কলাম।

والله أعلم بالصواب


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা