প্রশ্ন:মুহতারাম, আমি মুদি মালের ব্যবসায়ী। মাল ক্রয়ের হিসাব রাখলেও বিক্রয়ের হিসাব রাখা সম্ভব হয় না। সুতরাং বছর শেষে কত টাকার পণ্য বিক্রয় করেছি এবং কত টাকার পণ্য দোকানে আছে, তার সঠিক হিসাব আমি রাখতে পারি না। জানতে চাচ্ছি, যাকাতের হিসাব কীভাবে করব? শুধুমাত্র কাছে থাকা টাকার যাকাত দেব, নাকি টাকার সঙ্গে মালেরও হিসাব করে যাকাত দিতে হবে? আমার জন্য যাকাত আদায়ের সঠিক ও সম্ভাব্য পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।

নিবেদক:রায়হান উদ্দীন যশোরী


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে বছর শেষে বিদ্যমান ব্যবসায়িক পণ্যের বাজারমূল্য হিসাব করে তার যাকাত আদায় করা আবশ্যক। তবে এ ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ হিসাব করা সম্ভব না হলে যথাসম্ভব অনুমাননির্ভর হিসাব করে যাকাত আদায় করাই যথেষ্ট।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দোকানে বর্তমানে বিদ্যমান ব্যবসায়িক পণ্যের সঠিক হিসাব সংরক্ষিত না থাকায় অনুমাননির্ভরভাবে পণ্যের পরিমাণ নির্ধারণ করে তার বাজারমূল্য এবং অবশিষ্ট নগদ টাকা একসঙ্গে হিসাব করে যাকাত আদায় করতে হবে। শুধু নগদ টাকার যাকাত আদায় করলে যথেষ্ট হবে না।

রেফারেন্স:বাদায়েউস সানায়ে, ২/১০৮, যাকারিয়া।ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ৬/১০৫, দারুল ইশাআত।আহসানুল ফাতাওয়া, ৪/২৯৯, যাকারিয়া।

والله أعلم بالصواب


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল