প্রশ্ন: মুহতারাম জনাব হারুন মিয়া যোহরের নামাযের এক রাকাত পায়নি তাই ইমাম সাহেব সালাম ফিরানোর পর বাকি নামায আদায় করার জন্য দাড়ালেন। এমন সময় ইমাম সাহেবের স্মরণ হল তার নামাযে ভুল হয়েছিল। তাই তিনি সাহু সেজদা করলেন। কিন্তু হারুন মিয়া ইমামের অনুসরণ না করে নিজের বাকি নামায আদায় করেন। এবং শেষে সেজদায় সাহু করলেন। একজন বলল তার নামায হয়নি। কেননা ইমামের অনুসরণ করা আবশ্যক ছিল সে তা করেনি। আরেক জন বলল, তার নামায হয়ে গেছে। জানার বিষয় হলো, তার নামায কি সহিহ হয়েছে না কি দ্বিতীয়বার আদায় করতে হবে?

নিবেদক মোঃ মুসলেহ উদ্দনি

الجواب بملهم الصدق والصواب

শরীয়তের দৃষ্টিতে ইমাম সাহেবের ভুলবশত ছুটে যাওয়া সেজদায়ে সাহু আদায়ের ক্ষেত্রে অতিরিক্ত রাকাত সংযোজন না করা অবস্থায় মাসবুকের জন্য ইমাম সাহেবের অনুসরণ করা ওয়াজিব। যদি অনুসরণ না করে, তাহলে শেষে সিজদায়ে সাহু আদায়ের মাধ্যমে নামায হয়ে যাবে।

অতএব, প্রশ্নোক্ত সূরতে হারুন মিয়া যোহরের নামাজে ইমামের অনুসরণ না করে নিজের বাকী নামাজ চালিয়ে যাওয়ায় এবং শেষে সিজদায়ে সাহু আদায় করায় তার নামাজ আদায় হয়ে গেছে। তবে ইচ্ছাকৃত ইমামের অনুসরণ না করায় উক্ত নামায সময়ের ভিতরে পুনরায় আদায় করা আবশ্যক। অন্যথায় ওয়াজিব ভঙ্গের কারণে গুণাহগার হবেন।

সূত্র:  (আল বিনায়া ২/৬১৬ আল আশরাফিয়া, মারাকিল ফালাহ পৃ ৩৩৭ দারুল কিতাব দেওবন্দ, রাদ্দুল মুহতার ২/৬৩০ আল-আজহার)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল