মুহতারাম আমাদের মসজিদের ইমাম সাহেব কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিলেন। তাই তিনি চেয়ারে বসে ইমামতি করেছেন এবং আমরা তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। এভাবে আমরা কয়েক ওয়াক্ত নামাজ আদায় করেছি। জানার বিষয় হল আমাদের উক্ত নামাজগুলো সহীহ হয়েছে কিনা?

নিবেদক: আব্দুল্লাহ আশরাফ

الجواب بملهم الصدق والصواب

হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী ইশারার মাধ্যমে নামাজ আদায়কারী ইমামের পিছনে স্বাভাবিক নিয়মে রুকু সেজদা সক্ষম ব্যক্তির ইকতেদা সহিহ নয়।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে উক্ত ইমাম সাহেব চেয়ারে বসে নামাজ পড়ানোর ক্ষেত্রে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় রুকু সিজদা আদায় করে থাকেন, তাহলে তার পিছনে আপনাদের আদায়কৃত নামাজ সহিহ বলেই বিবেচিত হবে। অন্যথায় চেয়ারে বসে ইশারার মাধ্যমে রুকু সেজদা আদায় করে থাকলে আপনাদের ইকতেদা সহিহ না হওয়ায় আদায়কৃত নামাজ সহিহ হয়নি। এক্ষেত্রে উক্ত নিয়মে আদায়কৃত নামাজসমূহ পুনরায় আদায় করা অপরিহার্য।

(কাওয়াঈদুল ফিকহ কায়েদা নাম্বার ২২৩, মুখতাসারুল কুদুরী ৮৮ বুশরা, হেদায়া ১/২৪৫ বুশরা)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন বিন দুলাল

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল