প্রশ্ন:শরীফের পাশের বাড়ির পরিবারের লোকেরা হিন্দু এবং তারা অনেক দরিদ্র। তারা কারিতাস এনজিও থেকে কিস্তিওয়ারি সুদের লেনদেন করে। ফলে সহায়-সম্বল সবই হারায়। যাকিরকে শরীফ বলল, তাদের যাকাত দেওয়া যাবে না। যাকির বলে, না, তবে নাকি সুযোগ একটা আছে। প্রথমত, তাদের ইসলামের দিকে ধাবিত করতে হবে, পরে যাকাত দেওয়া যাবে। তাকে নাকি مؤلفةالقلوب বলে। এমনটিই বলেছে ইউটিউবের এক বক্তা। জানার বিষয়, যাকিরের কথা ঠিক কি না? তাদের যাকাত দিলে তা আদায় হবে কি? দলিলসহ জানাবেন।
নিবেদক:মাহদী হাসান।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত আদায় হওয়ার জন্য যাকাতগ্রহীতা মুসলিম হওয়া শর্ত। অন্যথায় যাকাত আদায় হবে না।আর মুহাক্কিক উলামায়ে কেরামের ভাষ্যমতে, مؤلفةالقلوب-এর ব্যাখ্যায় ইসলামের দিকে ধাবিত করার লক্ষ্যে অমুসলিমদের যাকাত দেওয়া হতো—মর্মে বর্ণিত মতটি অগ্রহণযোগ্য ও দুর্বল। এছাড়াও সাহাবায়ে কেরামের ঐকমত্যে তা রহিত হয়ে গিয়েছে।
সুতরাং প্রশ্নোক্ত যাকিরের বক্তব্য দুর্বল ও অগ্রহণযোগ্য। ফলে পার্শ্ববর্তী দরিদ্র হিন্দু পরিবারকে যাকাত দেওয়ার মাধ্যমে শরীফের যাকাত আদায় হবে না।
রেফারেন্স:ফাতাওয়ায়ে কাজী খান ১/১৬৪, যাকারিয়া।ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৫/১৬৬, আল-ইশায়াত।আল-ফিকহুল হানাফি ১/৩৬৯, দারুল কলম।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল