প্রশ্ন:মুহতারাম! জনাব বাদল সাহেব বিক্রির উদ্দেশ্যে জমি ক্রয় করেন। কিন্তু পরবর্তীতে বাজারদর ভালো না থাকায় তিনি নিয়ত করেন, যদি ভালো মূল্য পান তাহলে বিক্রি করবেন, অন্যথায় নিজে রেখে দেবেন। জানার বিষয় হলো, উল্লিখিত সুরতে এই জমির ওপর যাকাত আসবে কি না? ইল্লতসহ জানাবেন।

নিবেদক:দিদার বিন খোরশেদ।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে জমি যাকাতের নিসাবভুক্ত হওয়ার জন্য তা ব্যবসার নিয়তে ক্রয় করার পাশাপাশি পরবর্তীতেও তাতে নির্দিষ্টভাবে উক্ত ব্যবসার নিয়ত বহাল থাকা শর্ত। অন্যথায় পরবর্তীতে ব্যবসা ও ব্যবহারের মধ্যে নিয়ত দোদুল্যমান হয়ে গেলে তা ব্যবসার পণ্যের শ্রেণিভুক্ত না হওয়ায় যাকাতের নিসাবভুক্ত গণ্য হবে না।

সুতরাং জনাব বাদল সাহেবের ব্যবসার নিয়তে ক্রয়কৃত জমিতে পরবর্তীতে ব্যবসা ও ব্যবহারের মধ্যে নিয়ত দোদুল্যমান হয়ে যাওয়ায় (কার্যত বিক্রি হওয়া ব্যতীত) উক্ত জমির মূল্যের ওপর যাকাত আবশ্যক হবে না।

রেফারেন্স:হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা ৭১৮, ফয়সাল।ফাতহুল কাদির ২/২২৬, রশিদিয়া।বুসুলাতুল ফাতাওয়া ১/২৩৮, রশিদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল