প্রশ্ন:মুহতারাম! জনাব মুফিজ সাহেবের কাছে দুই-তিন লাখ টাকা আছে। অর্থাৎ, তাঁর কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে এবং তাঁর ওপর যাকাতও ফরজ। কিন্তু লোকটি এমন জটিল রোগে আক্রান্ত যে, তাঁর চিকিৎসা করতেই চার-পাঁচ লাখ টাকা প্রয়োজন। জানার বিষয় হলো, এখন এই ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে যাকাতের টাকা প্রদান করা যাবে কি না? এবং উক্ত ব্যক্তির করণীয় কী?
নিবেদক:মুহাঃ ওসমান গনি।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে নিসাব পরিমাণ মালের মালিক কোনো ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া বৈধ নয়। সুতরাং প্রশ্নোক্ত মুফিজ সাহেব নিসাব পরিমাণ মালের মালিক হওয়ায় তাঁকে চিকিৎসা সহায়তা বাবদ যাকাতের টাকা দেওয়া যাবে না। এর মাধ্যমে দাতার যাকাতও আদায় হবে না।
এক্ষেত্রে উক্ত ব্যক্তি নিজের টাকা খরচ করে চিকিৎসা শুরু করবেন। পরবর্তীতে যখন তাঁর টাকা নিসাব পরিমাণ থেকে কমে যাবে, তখন তাঁকে চিকিৎসা বাবদ যাকাতের টাকা দেওয়া যাবে। অথবা উক্ত ব্যক্তি ঋণ করে চিকিৎসা করালে, সেক্ষেত্রে তাঁর ঋণ পরিশোধের জন্য যাকাত দেওয়া যাবে।
রেফারেন্স:রদ্দুল মুহতার ৩/৩৩৩, আযহার।আল-বাহরুর রায়েক ২/৪২৮, যাকারিয়া।কিফায়াতুল মুফতি ৬/২৬১, ইশায়াত।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল