প্রশ্ন:মনিরুল ইসলাম সাহেব একজন ইঞ্জিনিয়ার ও ধার্মিক ব্যক্তি। আল্লাহ পাক তাঁকে অনেক সম্পদ দান করেছেন। তিনি প্রত্যেক বছর যাকাত আদায় করেন। কিন্তু সম্পদগুলো এক জায়গায় জমা করার পর হিসাব করে কখনো যাকাত দেন না। আমার জানার বিষয় হলো, এভাবে কোনো হিসাব না করে যাকাত দিলে কি তাঁর যাকাত আদায় হবে? এক্ষেত্রে শরিয়তের বিধান কী? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:শরিফুল ইসলাম, কুষ্টিয়া।
الْجَوَابُبِاسْمِمُلْهِمِالصِّدْقِوَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত আদায় করার ক্ষেত্রে সমস্ত মালের হিসাব করে যাকাত আদায় করা আবশ্যক। কেউ যদি হিসাব করা ছাড়াই যাকাত আদায় করে দেন, তাহলে যতটুকু যাকাতের নিয়তে আদায় করবেন, ততটুকু আদায় হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মনিরুল ইসলাম সাহেবের জন্য উচিত হলো, সমস্ত মালের হিসাব করে যাকাত আদায় করা। কিন্তু তিনি হিসাব করা ছাড়া যেগুলো আদায় করেছেন, সেগুলো আদায় হয়ে যাবে। পরবর্তীতে তিনি হিসাব করে দেখবেন, যে পরিমাণ আদায় করেছেন, তা তাঁর ওপর ফরজ হওয়া যাকাতের সমপরিমাণ কি না। যদি সমপরিমাণ হয়, তাহলে পরিপূর্ণ যাকাত আদায় হয়ে গেছে। অন্যথায় বাকি যাকাত আদায় করে দেবেন।
রেফারেন্স:আল-বাহরুর রায়েক ২/৩৭০, যাকারিয়া।আল-জাওহারাতুন নাইয়্যিরাহ ১/২৮৮, হক্কানিয়া।আপকে মাসায়েল আওর উনকা হল ৩/২৯০, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল