প্রশ্ন:জনাব ফয়সাল সাহেব অনেক সম্পত্তির মালিক। কিন্তু দ্বীনের বুঝ না থাকার দরুন ১০-১২ বছর যাবৎ যাকাত আদায় করেননি। পরবর্তীতে তাবলিগি ভাইদের মেহনতে দ্বীনের কিছু বুঝ আসলে তিনি কৃতকর্মের ওপর অনুতপ্ত হন এবং তাওবা-ইস্তেগফার করেন। জানার বিষয় হলো, বিগত ১০-১২ বছর যাকাত আদায় না করলে তাওবা-ইস্তেগফারের দ্বারা তা মাফ হয়ে যাবে? নাকি তাওবার জন্য বিগত বছরগুলোর যাকাত আদায় করা শর্ত? এবং কীভাবে আদায় করবেন? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:আবু বাসীর।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে কোনো ব্যক্তি অজ্ঞতা ও অলসতাবশত যাকাত আদায় না করলে তা শুধু তাওবা-ইস্তেগফার করার দ্বারা মাফ হয়ে যায় না। বরং পূর্বের বছরগুলোর যথাযথ হিসাব করে যাকাত আদায় করতে হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ফয়সাল সাহেবের বিগত ১০-১২ বছরের যাকাত শুধু তাওবা-ইস্তেগফারের দ্বারা মাফ হবে না; বরং তাঁকে তাওবা-ইস্তেগফারের পাশাপাশি বিগত বছরগুলোর যাকাত হিসাব করে আদায় করে দিতে হবে।
আদায় করার নিয়ম হলো, প্রথম বছর যত টাকা ছিল, সেগুলোর আড়াই শতাংশ যাকাত হিসেবে আদায় করে দেবেন। এরপর বাকি যত টাকা থাকবে, দ্বিতীয় বছর তার আড়াই শতাংশ আদায় করে দেবেন। এভাবে পর্যায়ক্রমে প্রতি বছরের যাকাত আদায় করবেন।
রেফারেন্স:বাদায়েউস সানায়ে ২/৮৬, যাকারিয়া।বাহরুর রায়েক ২/৩৫৮, যাকারিয়া।আপকে মাসায়েল আওর উনকা হল ৩/২৯২, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল