জনাব মুঈনুদ্দিন সাহেবের মেয়ে হাফেজা হয়েছে। তার মেয়ের হিফজ ঠিক রাখার জন্য আত্মীয়-স্বজন কয়েকজন মিলে তার পিছনে তারাবির নামায পড়তে চায়। আমার জানার বিষয় হল, মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে কিনা? অন্যথায় এক্ষেত্রে করনীয় কী? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:মোঃ সালমান লক্ষ্মীপুর
الجواب بملهم الصدق والصواب
ইসলামী শরিয়ত অনুযায়ী জামাতের সাথে নামায আদায়ের ক্ষেত্রে ইমাম হওয়ার যোগ্য একমাত্র বালেগ পুরুষ। কোন মহিলাকে ইমাম বানানো জায়েজ নেই। চাই উক্ত নামায ফরজ হোক বা নফল হোক। তবে যদি মহিলারা মহিলাদের পিছনে ইতেদা করে, তাহলে নামায সহীহ হবে বটে কিন্তু তা অনুচিত বলে গণ্য হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনাব মুঈনুদ্দিন সাহেবের হাফেজা মেয়ের ইমামতিতে যদি পুরুষ শামিল থাকে; তাহলে তাদের সকলের নামায বাতিল হয়ে যাবে। পক্ষান্তরে শুধু মহিলাদের নিয়ে হিফজ ধরে রাখার উদ্দেশ্যে তারাবী পড়ে থাকে: তবে তা বৈধ হলেও জামাত ছাড়া একাকী পড়াই তার জন্য উত্তম।
উল্লেখ্য: মহিলাদের তারাবির নামে দূর-দূরান্ত থেকে নারীদের জামাতের সমাগম একটি ফেতনার দরজা খুলে দেওয়ার ব্যবস্থা, বিধায় তা বর্জনীয়।
(মুসান্নাফ ইবনে আবী শাইবা হাদীস নং ৪৯৯১, কানষ ১/৯৫- বুশরা, উমদাতুর রিয়ায়া ২/১৩৫-দা.কু.ই.)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন বিন দুলাল
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল