প্রশ্ন:মুহতারাম! গত রমজানে গায়রে মুকাল্লিদের এক মাওলানা সাহেব ঘোষণা দেন যে, মানুষ যেন ওই মাওলানা সাহেবের ব্যক্তিগত অ্যাকাউন্টে যাকাতের অর্থ জমা করেন। সেই অর্থ দিয়ে তিনি রাজধানীতে একটি ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করবেন। জানার বিষয় হলো, যারা তাঁর ডাকে সাড়া দিয়ে তাঁর অ্যাকাউন্টে যাকাতের অর্থ জমা করেছেন, তাঁদের যাকাত আদায় হবে কি না?

নিবেদক:মোহাম্মদ আইয়ুব আলী।


الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ


ইসলামি শরিয়ত মতে, যাকাত আদায় সহিহ হওয়ার জন্য যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিসত্তাকে যাকাতের অর্থের মালিক বানিয়ে দেওয়া শর্ত। ফলে কোনো প্রাতিষ্ঠানিক খাতে বা নির্মাণব্যয়ে যাকাত দিলে যাকাত আদায় হবে না।

সুতরাং প্রশ্নোক্ত মাওলানা সাহেবের ঘোষণা অনুযায়ী যারা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাঁর অ্যাকাউন্টে যাকাতের টাকা দিয়েছেন, এর মাধ্যমে তাঁদের যাকাত আদায় হবে না; বরং তা সাধারণ দান হিসেবে গণ্য হবে। ফলে তাঁদের উক্ত যাকাত পুনরায় আদায় করা অপরিহার্য।

রেফারেন্স:কানযুদ দাকায়েক ১/১৮৮, বুশরা।বাহরুর রায়েক ২/৩৫২, যাকারিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল