প্রশ্ন:মুহতারাম! জনাব আব্দুল হাকিম সাহেব একজন ধনী লোক। তিনি তাঁর যাকাতের অর্থ সিলেটের বন্যাকবলিত এলাকায় ত্রাণ হিসেবে দিতে চাইছেন। বন্যাকবলিত এলাকায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ধনী-গরিবের মাঝে কোনো পার্থক্য করা হয় না। বরং একযোগে সকলকেই ত্রাণের মাল দেওয়া হয়। সুতরাং জানার বিষয় হলো, তাদের মাঝে যাকাতের অর্থ ত্রাণ হিসেবে দেওয়ার ফলে যাকাত সঠিকভাবে আদায় হবে কি? অন্যথায় এক্ষেত্রে করণীয় কী? জানিয়ে উপকৃত করবেন।

নিবেদক:মাহমুদুল হাসান, পিরোজপুর।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে স্বাভাবিকভাবে কোনো নিসাবের মালিককে যাকাত দেওয়া বৈধ নয়। এতে যাকাত আদায় হয় না। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা পরিস্থিতির শিকার হয়ে যদি সাময়িকভাবে ধনী ব্যক্তিও নিরুপায় হয়ে যান, তখন তাঁকে প্রয়োজন পরিমাণ যাকাত দেওয়া যাবে।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে, সিলেটের বন্যাকবলিত এলাকায় ধনী ব্যক্তিগণ তাৎক্ষণিকভাবে নিজ সম্পদ ব্যয়ে অপারগ হলে, গরিবদের সঙ্গে তাঁদেরকেও ত্রাণ হিসেবে যাকাত দিলে তা আদায় হয়ে যাবে।

রেফারেন্স:ই'লাউস সুনান ৬/২৮০৬, দারুল ফিকর।বাহরুর রায়েক ২/৪২২, যাকারিয়া।ফাতহুল কাদির ২/২৬৯, রশিদিয়া।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল