প্রশ্ন:মুহতারাম! সমাজের কিছু লোককে যদি জিজ্ঞেস করি, ‘ভাই! এবার আপনার কত টাকা যাকাত আসল? এবং সব আদায় করেছেন কি না?’তখন তিনি উত্তরে বলেন, ‘আরে, কত টাকা যাকাত আসল তা জানি না। তবে যা যাকাত আসল, মনে হয় তার চেয়ে আরও বেশিই যাকাত আদায় করেছি।’
জানার বিষয় হলো, এমন ব্যক্তিদের পরিপূর্ণভাবে যাকাত আদায় হবে কি না? এবং এক্ষেত্রে করণীয় কী?
নিবেদক:মাহমুদ বিন সফিউল্লাহ।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে যাকাত আদায়ের ক্ষেত্রে সমুদয় যাকাতযোগ্য সম্পদের হিসাব করে পূর্ণরূপে যাকাত আদায় করতে হয়। হিসাব করা অসম্ভব হলে অনুমান করে, বা তার চেয়ে একটু বেশি যাকাত আদায় করবে। অন্যথায় দায়মুক্ত হবে না।
অতএব, সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব করে যাকাত আদায় করতে হবে। অবশ্য সমুদয় সম্পদের হিসাব করা অসম্ভব কিংবা কঠিন হলে অনুমান করে আদায় করার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অনুমানের চেয়ে একটু বেশি আদায় করা সতর্কতার দাবি।
রেফারেন্স:সুনানে তিরমিজি: হাদিস নং ৬১৮।তুহফাতুল ফুকাহা: পৃ. ১৪৫, মারুফিয়া।আপকে মাসায়েল আওর উনকা হাল: ৩/২৭৬, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল