প্রশ্ন:মুহতারাম! অনেক ব্যবসায়ীকে দেখা যায়, যাঁদের পুঁজির চেয়ে ঋণের পরিমাণ বেশি। তাঁদের অনেকে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ নিয়ে থাকেন। আবার অনেকে ব্যবসার মন্দ অবস্থার কারণে কোনো রকমে ব্যবসা টিকিয়ে রাখতে দোকানভাড়া ও শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বাধ্য হয়ে ঋণ নিয়ে থাকেন।

আমার জানার বিষয় হলো, উভয় শ্রেণির ব্যবসায়ীর ওপরই কি এই ঋণ নেওয়া টাকার কারণে যাকাতের বিধান আসবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক:মুঈনুদ্দীন তাহের।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

শরয়ি দৃষ্টিতে মৌলিক প্রয়োজনে গৃহীত ঋণ যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক। তদ্রূপ, ব্যবসায়িক পরিধি বৃদ্ধির উদ্দেশ্যে গৃহীত ঋণ, যা যাকাতযোগ্য খাতে ব্যয় করা হয়, তাও যাকাতের নিসাবের ক্ষেত্রে প্রতিবন্ধক। তবে যেসব ঋণ যাকাত-অযোগ্য খাতে ব্যয় করা হয়, সেগুলো যাকাতের নিসাবের ক্ষেত্রে প্রতিবন্ধক হয় না।

অতএব, ব্যবসার মন্দ পরিস্থিতির কারণে কোনো রকমে ব্যবসা টিকিয়ে রাখার জন্য গৃহীত ঋণ যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক গণ্য হবে। আর ব্যবসায়িক পরিধি বৃদ্ধির লক্ষ্যে গৃহীত ঋণের বিধান উপরিউক্ত মূলনীতি অনুযায়ী প্রযোজ্য হবে।

রেফারেন্স:মুখতাসারুল কুদুরি: পৃ. ১৫৮।মাজমাউল বাহরাইন (টাকা): পৃ. ১৮৯।ফাতাওয়া উসমানি: ২/৮৩।


মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল