প্রশ্ন:মুহতারাম! জনাব খোরশেদ সাহেব ১০ লক্ষ টাকার মালিক। কিন্তু যখন এই টাকার এক বছর পূর্ণ হবে, তখন তিনি তাঁর ভাই দিদারকে ১০ লক্ষ টাকা হাদিয়া দিয়ে কিছুদিন পর ভাইয়ের কাছ থেকে আবার এই টাকা নিয়ে নেন। যার ফলে উক্ত টাকার ওপর হাওলানে হাওল হয়নি এবং এই টাকার যাকাত দেওয়া থেকে তিনি বেঁচে গেলেন।
জানার বিষয় হলো, যাকাত আদায় থেকে বাঁচার জন্য এ ধরনের পন্থা অবলম্বন করা শরিয়ত মতে কেমন? আর এর দ্বারা আসলেই কি যাকাত সাকিত হয়ে যায়?
নিবেদক:মোহাঃ মুহিবুল্লাহ চাটগামী।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ি দৃষ্টিতে বিনা ওজরে যাকাত থেকে বাঁচার জন্য কোনো হিলা (কৌশল) অবলম্বন করা মাকরূহে তাহরিমি। তদুপরি, কেউ যদি হিলা অবলম্বন করে নিসাবের বর্ষপূর্তির পূর্বে কাউকে হাদিয়া দিয়ে যাকাতের নিসাব থেকে সম্পদ কমিয়ে ফেলে, তাহলে তার থেকে যাকাত রহিত হয়ে যায়।
অতএব, প্রশ্নোক্ত ক্ষেত্রে খোরশেদ সাহেব বছর অতিক্রান্ত হওয়ার পূর্বে তাঁর সমুদয় টাকা তাঁর ভাইকে হাদিয়া হিসেবে মালিক বানিয়ে দিয়ে বছরের শেষাংশে তিনি নিসাবের মালিক না থাকার কারণে তাঁর যাকাত রহিত হয়ে গেছে। এক্ষেত্রে পরবর্তীতে ফিরিয়ে নেওয়া সত্ত্বেও ওই টাকার ওপর এ বছরের যাকাত আবশ্যক হবে না। তবে তাঁর এ পদক্ষেপটি মাকরূহ হয়েছে।
রেফারেন্স:বাদায়িউস সানায়ে: ২/৯৮-৯৯।হাশিয়াতুত তহতাবি আলা মারাকিল ফালাহ: পৃ. ৭১৮।আল-বাহরুর রায়েক: ২/৩৫৭।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল