প্রশ্ন:মুহতারাম! মাওলানা আবু হানিফ সাহেব একটি মাদ্রাসায় কর্মরত। মাদ্রাসার ফান্ডে তাঁর প্রায় এক লক্ষ টাকা জমা হয়েছে। কিন্তু চাকরি ছেড়ে দেওয়া বা মৃত্যুবরণ করা ব্যতীত এই টাকা তোলা খুবই কষ্টসাধ্য। আর এই টাকা ব্যতীত বলতে গেলে তাঁর আর কোনো সম্পত্তি নেই। মাদ্রাসার ৮০০০ টাকা বেতন দিয়ে তিনি কোনোরকমে পরিবার চালান।
জানার বিষয় হলো, তাঁর ওপর কি যাকাত, ফিতরা ও কুরবানি ওয়াজিব হবে? যদি ওয়াজিব না হয়, তাহলে কি তিনি যাকাত গ্রহণ করতে পারবেন? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক:মোহাম্মদ মুঈন উদ্দিন তাহের।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে চাকরি বা শ্রমের বিনিময়ে প্রাপ্য অপরিশোধিত বকেয়া বেতন হস্তগত হওয়া ব্যতীত তাতে মালিকানা অর্জিত হয় না। ফলে এ জাতীয় টাকায় যাকাত বা কুরবানির বিধান আরোপিত হবে না।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মাওলানা আবু হানিফ সাহেবের মাদ্রাসার ফান্ডে জমা হওয়া বকেয়া টাকায় তাঁর মালিকানা অর্জিত না হওয়ায় ওই টাকার ভিত্তিতে তাঁর ওপর যাকাত, ফিতরা এবং কুরবানির বিধান আরোপিত হবে না। এতদ্ভিন্ন, তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক না হওয়ায় তাঁর জন্য যাকাত গ্রহণ করাও বৈধ হবে।
রেফারেন্স:আল-বাহরুর রায়েক: ২/৩৬৩, যাকারিয়া।মাজমাউল আনহুর: ১/২৮৯, মানার।ফাতাওয়া হিন্দিয়া: ১/২৩৩, দারুল ফিকর।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল