মুহতারাম! মুসলেহ সাহেব একজন ব্যবসায়ী। নগদ দুই লক্ষ টাকা দিয়ে তিনি গত বছরের ১৫ জুলাই থেকে কাপড়ের ব্যবসা শুরু করেন। তিন মাস পর, অর্থাৎ ১৫ অক্টোবর থেকে তিনি তিনতলাবিশিষ্ট একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া শুরু করেন। এমতাবস্থায় এ বছরের ১৫ জুলাই তাঁর যাকাতের বর্ষ পূর্ণ হয়েছে।
এখন জানার বিষয় হলো, তিন মাস পর ফ্ল্যাট ভাড়া বাবদ যে টাকা তিনি পেয়েছেন, তার যাকাত কি এখন দিতে হবে? এই টাকার ওপর তো বছর পূর্ণ হয়নি। ইল্লতসহ বিষয়টি স্পষ্ট করে জানাবেন।
নিবেদক: মোহাম্মদ আশরাফ জিয়া, ইফতা।
الْجَوَابُ بِاسْمِ ملهم الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে যাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর বছরের মাঝে তার সমজাতীয় বস্তু বা মূল্য অর্জিত হলে তা মূল সম্পদের বিধানভুক্ত গণ্য হয়।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মুসলেহ সাহেবের কাপড়ের ব্যবসার মূল্যমান নিসাব পরিমাণ হওয়া এবং বছরের মাঝে ফ্ল্যাট ভাড়া বাবদ আরও কিছু টাকা অর্জিত হওয়ার কারণে, উভয়টি সমজাতীয় বস্তু হওয়ায় তাঁর ওপর সামগ্রিকভাবে পূর্ণ টাকার যাকাত আবশ্যক হবে। এক্ষেত্রে ফ্ল্যাট ভাড়া বাবদ প্রাপ্ত টাকার ওপর স্বতন্ত্রভাবে বছর অতিবাহিত হওয়া জরুরি নয়।
রেফারেন্স: আল-বিনায়া: ৩/৩৫৩, আশরাফিয়া। ফাতাওয়া হিন্দিয়া: ১/২৩৭, দারুল ফিকর।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্স্সিস ফিল ফিকহ, শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা), ঢাকা-১২১৯
মুফতি, মাহা দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল