মুহতারাম মুফতী সাহেব! বাড়িতে মা-বোনদের অনেক সময় জাজিম বিছানো খাটের ওপর নামাজ আদায় করতে দেখি। এতে সেজদা করার সময় কপাল কিছুটা দেবে যায়। তাছাড়া, একজনকে দেখলাম, তিনি ফোমযুক্ত নরম জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন। তাতেও সেজদা করলে কপাল দেবে যায়। জানার বিষয় হলো, এ ধরনের নরম জিনিসের ওপর সেজদা করলে সেজদা আদায় হবে কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবেদক: মোহাম্মদ আদনান

الجواب بملهم الصدق والصواب

শরয়ী দৃষ্টিতে স্বাভাবিক সিজদা সহিহ হওয়ার জন্য শর্ত হলো সিজদার স্থানটি জমিন কিংবা জমিনের সাথে স্থির হওয়া । যাতে কপাল স্থির হয়ে যায়।  অন্যথায় সেজদা সহিহ হয় না।

সুতরাং খাট কিংবা ফ্লোরে বিছানো জাজিম, ফোমের জায়নামাজ ও এ জাতীয় নরম বস্তুর উপর সেজদা করার ক্ষেত্রে দৃঢ়তা অনুভব করত কপাল একপর্যায়ে স্থির হয়ে গেলে উক্ত সিজদা সহিহ বলে বিবেচিত হবে। অন্যথায় স্থির হওয়ার পূর্বেই সিজদা থেকে উঠে গেলে উক্ত সিজদা আদায় হবে না।

রেফারেন্স: (খুলাসাতুল ফাতাওয়া ১/৫৪ রশিদিয়া, ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭ দারুণ ফিকির, আল ফিকহুল হানাফী ১/২০৮ দারুল কলম)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল