মুহতারাম মুফতী সাহেব! কয়েক দিন আগে জনাব হারুন সাহেব অফিসের কাজে গাজীপুর যান। সেখানে জুমার নামাজ আদায়ের জন্য একটি মসজিদে গিয়ে জানতে পারেন, ওই মসজিদে বাংলায় খুতবা দেওয়া হয়। আশপাশে অন্য কোনো মসজিদে জুমার নামাজ পাওয়ার সম্ভাবনা না থাকায় তিনি ওই মসজিদেই জুমার নামাজ আদায় করেন।
সম্মানিত মুফতী সাহেবের কাছে জানার বিষয় হলো, হারুন সাহেবের আদায়কৃত জুমার নামাজ সহিহ হয়েছে কি না? বাংলায় জুমার খুতবা দেওয়ার শরয়ি বিধান কী? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: সাখাওয়াত হোসাইন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে জুমার খুতবা আরবী ভাষায় হওয়া সুন্নাতে মুতাওয়ারাছা তথা যুগ পরম্পরায় চলে আসা অনুসৃত আমল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন ও আইম্মায়ে মুজতাহিদীনের যুগে আরবীতেই খুতবা প্রদান করা হত। অনারবি ভাষায় খুতবা দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই আরবী ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া সুন্নতের পরিপন্থি ও বিদআত। অবশ্য আরবী ছাড়া ভিন্ন ভাষায় খুতবা দেওয়া নামাজের শুদ্ধতায় কোন প্রভাব সৃষ্টি করে না। তাই আরবীতে খুতবা দেওয়া হয় এমন কোনো মসজিদেই জুমার নামায পড়া উচিত। অবশ্য বাংলা ভাষায় যে খুতবা দেওয়া হয় তার শুরুতে বা মাঝে হামদ-সানা ও আয়াত তিলাওয়াতের কারণে খুতবার ফরয আদায় হয়ে যায়।
সে হিসেবে হারুন সাহেবের নামাজ সহীহ হয়েছে। তবে বাংলা ভাষায় খুতবা দেওয়া সুন্নতের পরিপন্থি হওয়ায় মাকরুহে তাহরীমী। কিন্তু ভবিষ্যতে এমন ইমামের পিছনে নামায আদায়ের চেষ্টা করতে হবে, যিনি সুন্নাহ অনুযায়ী নামায পড়ান। তবে কোথাও যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে এমন খতীবের পিছনে জুমা পড়লেও নামায আদায় হয়ে যাবে।
রেফারেন্স: (উমদাতুর রেওয়ায়াহ-২/৩২৪, দা.কু.ই. শামী-২/২২৩, আযহার। ফতওয়ায়ে সিরাজিয়া-১০৫, ইত্তিহাদ, -আলবাহরুর রায়েক ২/৩০৭; রদ্দুল মুহতার ১/৪৮৫; মুসাফফা শরহুল মুআত্তা ১/১৫৪; আহকামুন নাফাহিস ৪৩-৪৯
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল