মুহতারাম! যোহরের নামাজে ইমাম সাহেব শেষ বেঠক করার পর ভুলে দাঁড়িয়ে গেলেন। লোকমা দেওয়ার পরও তিনি ফিরে আসেন নি, তাই কিছু লোক ইমামের অনুসরণ করলো, আর কিছু লোক না দাড়িয়ে বসে বসে ইমাম ফিরে আসার অপেক্ষা করল। যখন ইমাম সাহেব পঞ্চম রাকাতের সেজদা করে ফেললেন, তখন যারা বসে ছিলেন তারা তাশাহহুদ, দুরুদ শরীফ পড়ে একা একা সালাম ফিরিয়ে নিলেন। আর ইমাম সাহেব বাকিদের নিয়ে পঞ্চম রাকাতে তাশাহহুদ পড়ে সাজদায়ে সাহু করে নামাজ শেষ করলেন। নামাজের পর ইমাম সাহেব বললেন, যারা ইমামের অনুসরণ করেছে তাদের নামাজ হয়ে গেছে। আর যারা ইমামের অনুসরণ করে নি তাদের নামাজ হয়নি। এ বিষয়ে সঠিক মাসআলা কি জানালে উপকৃত হব?
নিবেদক: মোঃ মুসলেহ উদ্দীন
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ইমাম সাহেব চার রাকাত বিশিষ্ট নামাজের চতুর্থ রাকাতে বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে গেলে করণীয় হলো-পঞ্চম রাকাতের সেজদা করার পূর্বে শেষ বৈঠকে ফিরে আসা এবং সাহু সেজদা করে নামাজ পূর্ণ করা। আর যদি পঞ্চম রাকাতের সেজদা করে ফেলে, তাহলে উত্তম হলো পঞ্চম রাকাতের সাথে আরেক রাকাত মিলিয়ে ছয় রাকাত পড়া। এক্ষেত্রে চার রাকাত ফরজ এবং বাকি দুই রাকাত নফল হিসেবে আদায় হয়ে যাবে। তবে পঞ্চম রাকাতের পর সাহু সেজদা করে সালাম ফিরিয়ে নিলেও চার রাকাত ফরজ আদায় হয়ে যাবে, বাকি এক রাকাত বাতিল হয়ে যাবে। আর এক্ষেত্রে মুক্তাদিদের জন্য করণীয় হল চতুর্থ রাকাতের বৈঠক করার পর ইমাম সাহেবের সাথে না দাঁড়েয়ে বসে অপেক্ষা করা। ইমাম সাহেব পঞ্চম রাকাতের সেজদার পূর্বে ফিরে আসলে তার সাথে সালাম ফিরাবে এবং নামাজ শেষ করবে। অন্যথায় অপেক্ষা না করে একা একা সালাম ফিরিয়ে নিবে। তবে যদি চতুর্থ রাকাতে বৈঠক না করে দাড়িয়ে যায়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। নতুন করে আবার পড়তে হবে।
অতএব, প্রশ্নোক্ত সুরতে ইমাম সাহেব এবং যারা ইমাম সাহেবের অনুসরন করেছে বা যারা অনুসরণ করে নি সকলের নামাজই সহীহভাবে আদায় হয়েছে। আর ইমাম সাহেবের কথা সঠিক ছিল না।
রেফারেন্স:- (দুররুল মুখতার। ২/৬৬৭, আযহার, নূরুল ঈযাহ। পৃ:১১৫, সালাম, আল ফিকহুল হানাফী: ১/২৮২, দারুল কলম।)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল