জনৈক মুরুব্বি নামাজ পড়ার সময় তাঁর মোবাইল ফোনটি বেজে ওঠে, তিনি পকেট থেকে হাত দিয়ে মোবাইলটি বের করে বন্ধ করেন। জানার বিষয় হল, তাঁর এমন কাজ দ্বারা আমলে কাসির হবে কি না? এবং আমলে কাসীরের পরিমাণ কতটুকু? এবং তার নামাজের কি হুকুম?

নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী

الجواب بملهم الصدق والصواب

ফুকাহাদের বিশুদ্ধমত অনুযায়ী মুসল্লীর কৃতকর্ম দূর থেকে দেখে নামাজে না থাকার ব্যপারে ধারণা সৃষ্টি হলে, এবং দুহাতে কোন কাজ করলে তা আমলে কাসীর।আর নামাজে থাকা না থাকার ব্যপারে সন্দিহান হলে আমলে কালীল বলে গণ্য হয়।  আমলে কাসীর দ্বারা নামায নষ্ট হয়ে যায়, আমলে কালীল দ্বারা নয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে নামায অবস্থায় স্বল্প সময়ে এক হাত দিয়ে পকেট থেকে মোবাইল বের করে বন্ধ করার দ্বারা যেহেতু আমলে কাসীর হয় নাই, তাই নামাজ ফাসেদ হবেনা। অবশ্য পকেট থেকে বের করে দেখে দেখে দীর্ঘ সময় নিয়ে বন্ধ করলে বা একই রুকনে একাধিকবার বের করে বন্ধ করলে আমলে কাসীর হিসেবে গণ্য হবে।  এবং এতে তার নামাজ ফাসেদ হয়ে যাবে।

 রেফারেন্স: (দুররুল মুখতার ২/৪৬৪ আশরাফিয়া, মাজমাউল আনহুর ১/১৮২ আল মানার, ইমদাদুল ফাতাওয়া-৩৫৯ রশিদিয়া)

و الله أعلم بالصواب

 

মুফতি নাজমুদ্দীন

মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।

মুফতি, ফাতাওয়া ও মাসায়েল