মুহতারাম মুফতি সাহেব, বিগত কয়েক বছর পূর্বে আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব হুজুর রমজান মাসে বিতির নামাজের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়ার পূর্বে রুকুতে চলে যান। মুসল্লিদের লোকমার আওয়াজ শুনে রুকু থেকে উঠে দোয়ায়ে কুনুত পড়েন। এরপর রুকুতে যান এবং নামায শেষ করেন। এখন আমার জানার বিষয় হলো, ইমাম ও মুসল্লিদের নামাজের হুকুম কি? এবং এক্ষেত্রে করণীয় কি?
নিবেদক: সাইফুল ইসলাম জিহাদী
الجواب بملهم الصدق والصواب
হানাফী মাযহাব মতে বিতরের তৃতীয় রাকাতে রুকুর পূর্বে দোয়া কুনুত পড়া ওয়াজিব। আর কোন ওয়াজিবকে তার যথাস্থানে আদায় করা না হলে সেজদা সাহু আবশ্যক হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইমাম সাহেব তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়া ব্যতীত রুকুতে চলে যাওয়ায় সাহু সিজদা আবশ্যক হয়েছে। ফলে ইমাম সাহেব যদি সিজদা সাহু করে থাকেন, তাহলে নামায সহীহ হয়েছে। আর যদি না করে থাকেন, তাহলে নামায ওয়াক্ত বাকি থাকতে পুনরায় পড়া আবশ্যক।
(আর এক্ষেত্রে ইমাম সাহেব দোয়ায়ে কুনুত পড়া ব্যতীত রুতে চলে যাওয়ার পর দোয়া কুনুতের জন্য পুনরায় কিয়ামের দিকে ফেরার প্রয়োজন ছিল না। তথাপি দোয়া কুনুত পড়া ও পুনরায় রুকু করার পরও সিজদা সাহুর শর্তে নামায সহিহ হয়ে যাবে। )
রেফারেন্স: (ফতোয়ায়েশামী ২/৫৩৮-৫৪০ মাকতাবাতুল আযহার, বাফতোয়ায়েহিন্দিয়া ১/১৮০ দারুল ফিকর, ফতোয়ায়ে মাহমুদিয়া ১১/৫২২ যাকারিয়া।)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি, উত্তরা, ঢাকা।
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল