মুহতারাম! কোন ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে যায়। গিয়ে দেখে যে, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। এমতাবস্থায় সে তাড়াহুড়া করে নামাজের নিয়ত বাঁধে এবং যখন রুকুর তাকবীর বলে রুকুতে যায়, তখন সাথে সাথে ইমাম সাহেব سمع الله لمن حمده বলে উঠলো। জানার বিষয় হলো, উক্ত ব্যক্তির নামাজের কি হুকুম হবে? সে ঐ রাকাত পেয়েছে কিনা এবং এক্ষেত্রে কতটুকু সময় ইমাম সাহেবকে রুকুতে পেলে মুক্তাদি রাকাত পেয়েছে বলে গণ্য হবে? জানিয়ে বাধিত করবেন।
নিবেদক: মোঃ ওসমান গনী
الجواب بملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিতে ইমামের সাথে রাকাত পাওয়ার জন্য শর্ত হলো, ইমামের সাথে রুকুতে শরীক হওয়া। আর বিশুদ্ধমত অনুযায়ী ইমাম সাহেব রুকু থেকে পরিপূর্ণ সোজা হয়ে ওঠার পূর্বে মুসল্লী রুকুতে গিয়ে নিজ হাঁটু ধরতে পারলে সে ইমামের সাথে রুকুতে শরিক হয়েছে বলে ধর্তব্য হয়।
অতএব প্রশ্নোক্ত সুরতে উল্লিখিত নীতি অনুযায়ী উক্ত ব্যক্তি ইমামের সাথে রুকুতে শরিক হওয়ায় সে রাকাত পেয়েছে বলে গণ্য হওয়ায় তার নামাজ সহিহ হয়ে গিয়েছে।
রেফারেন্স: (তাকরিরাতে রাফেয়ী আলা হামিশি রদ্দিল মুহতার ২/৬২৩ আজহার, কাজি খান ১/৬২ জাকারিয়া, ফতোয়া হিন্দিয়া ১/১৮০ সারুল ফিকর)
و الله أعلم بالصواب
মুফতি নাজমুদ্দীন
মুতাখাস্সিস ফিল ফিকহ, জামিয়া ফয়জিয়া ঢাকা
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল