“মুসা আ. দাওয়াত ও তাবলিগ বন্ধ করে কিতাব আনতে যাওয়া তাঁর ভুল হয়েছে” বলার বিধান
মুহতারাম! জনৈক ব্যক্তি বলে যে, হযরত মুসা আ. তাওরাত কিতাব আনার জন্য তূর পাহাড়ে যাওয়ার দরুন বনী ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ বন্ধ থাকায় ঐ জাতি গোমরাহ হয়ে গেছে। তিনি যদি না যেতেন এবং দাওয়াত বন্ধ না হতো, তাহলে ঐ জাতি পথভ্রষ্ট হতো না। অর্থাৎ দাওয়াত ও তাবলিগ বন্ধ করে কিতাব আনতে যাওয়া তাঁর ভুল হয়েছে। জানার বিষয় হলো, জনৈক ব্যক্তির বক্তব্য সঠিক কি না? কেউ এমন বিশ্বাস স্থাপন করলে তার কী হুকুম?
নিবেদক: মুহিব্বুল্লাহ (চাটগামী)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মতে, নবীগণ ছোট-বড় সকল গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন এবং কোনো ভুলের উপর তারা অনড় থাকতে পারেন না। ব্যতিক্রম বিশ্বাস লালন করা গোমরাহী বা ভ্রষ্টতা।
অতএব, প্রশ্নোক্ত সূরতে জনৈক ব্যক্তির “মুসা আ. দাওয়াত ও তাবলিগের কাজ বন্ধ করে কিতাব আনতে যাওয়া তাঁর ভুল হয়েছে” মর্মে প্রদত্ত বক্তব্য সঠিক নয়। কারণ কুরআনের স্পষ্ট ভাষ্যানুপাতে আল্লাহর পক্ষ হতে নির্দেশিত হয়েই তিনি তূর পাহাড়ে অবস্থান করেছিলেন। ফলে উক্ত আকীদা পোষণকারী ব্যক্তি সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত। এ জাতীয় বিশ্বাস কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হওয়ায় তাতে কুফরির আশঙ্কা আছে। ফলে এরূপ উক্তির জন্য তাকে খাঁটি দিলে তাওবা করে নেওয়া আবশ্যক।
সূত্র: সূরা আ‘রাফ, ১৪২–১৪৩ আয়াত; আল-আকাঈদুল ইসলামিয়া ২/৮৩২, দারুস সালাম; আল-আকাঈদুন নাসাফিয়া ৩৩৮, বুশরা; মা‘আরিফুল কুরআন ৬/১৪২, আল-মাকতাবাতুল মুত্তাহিদা।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল